বেপজা অর্থনৈতিক অঞ্চলে ওয়েসিস অ্যাক্সেসরিজের ৪৮ লাখ ডলারের বিনিয়োগ
বাংলাদেশি প্রতিষ্ঠান ওয়েসিস অ্যাক্সেসরিজ (প্রাঃ) লিমিটেড চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে গার্মেন্টস অ্যাক্সেসরিজ উৎপাদনকারী একটি শিল্পকারখানা স্থাপনে ৪৮ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে।
এ লক্ষ্যে সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং ওয়েসিস অ্যাক্সেসরিজের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসি উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ১৮ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
চুক্তিতে বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মোঃ আশরাফুল কবীর এবং ওয়েসিস অ্যাক্সেসরিজের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোঃ সেলিম রেজা স্বাক্ষর করেন।
প্রতিষ্ঠানটি বার্ষিক ১০ লাখ পিছ কার্টন বক্স, ৪ কোটি ২০ লাখ পিছ পলি ব্যাগ এবং ১০ লাখ মিটার ফোম উৎপাদন করবে। এতে ৩১১ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হবে।
আরও পড়ুন: এলএনজি টার্মিনাল-২ সামিটের চুক্তিতে ১১০ কোটি মার্কিন ডলার সাশ্রয় হবে
এখন পর্যন্ত ওয়েসিস অ্যাক্সেসরিজসহ মোট ৪৮টি প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১,০২৮.৩৯ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ চুক্তি করেছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোঃ ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ এবং ওয়েসিস অ্যাক্সেসরিজের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।





