ক্যালিফোর্নিয়ার মসজিদে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৬ | আপডেট: ১১:৪৯ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের স্যান ডিয়েগো শহরের একটি ইসলামিক সেন্টারের মসজিদে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইসলামিক সেন্টারের এক নিরাপত্তাকর্মীসহ তিনজন নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত দুই কিশোরের মরদেহও উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলার পর তারা নিজেদের অস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করেছে।

আরও পড়ুন: আবরনেতাদের অনুরোধে ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

মেক্সিকো সীমান্তবর্তী স্যান ডিয়েগোর ওই ইসলামিক সেন্টারটি মূলত একটি ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান। হামলার শিকার মসজিদটি সেই প্রতিষ্ঠানের অংশ এবং এলাকাটির অন্যতম বড় উপাসনালয় হিসেবে পরিচিত।

স্থানীয় সময় সোমবার দুপুর ১২টার দিকে হামলার ঘটনা ঘটে। সে সময় স্কুলে ক্লাস ও অন্যান্য নিয়মিত কার্যক্রম চলছিল। তবে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কোনো শিশু হতাহত হয়নি।

আরও পড়ুন: ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের, ‘দিল্লির ভূগোল বদলে যেতে পারে’

স্যান ডিয়েগোর শীর্ষ পুলিশ কর্মকর্তা স্কট ওয়াল রয়টার্সকে বলেন, হামলার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে মুসলিমবিদ্বেষী মনোভাব বা ঘৃণাজনিত অপরাধের সম্ভাবনা দেখা হচ্ছে।

ঘটনার তদন্তে ইতোমধ্যে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তে সহায়তার জন্য মার্কিন তদন্ত সংস্থা (এফবিআই)-এর সহযোগিতাও চাওয়া হয়েছে।

নিহত তিনজনই মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে, মসজিদ থেকে কিছু দূরে একটি গাড়ির ভেতর হামলাকারী দুই কিশোরের মরদেহ পাওয়া যায়। তাদের একজনের বয়স ১৭ এবং অন্যজনের বয়স ১৯ বছর।

এক সংবাদ সম্মেলনে স্কট ওয়াল বলেন, প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে, হামলার পর নিজেদের অস্ত্রের গুলিতে আত্মহত্যা করেছে তারা।

এদিকে মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহার আগে এমন হামলার ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সেই মসজিদের ইমাম তাহা হাসান বলেন, “আমরা আগে কখনও এমন ভয়াবহ ঘটনার মুখোমুখি হইনি। একটি উপাসনালয়কে লক্ষ্যবস্তু করা অত্যন্ত মর্মান্তিক।”