ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ন, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ২:০৬ পূর্বাহ্ন, ৩০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরান ও হিজবুল্লাহর যৌথ হামলার পর ইসরাইলে নতুন করে আঘাত হানার খবর পাওয়া গেছে। হাইফার পর এবার নিওত হোভভ শিল্পাঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনার কারণে বিপজ্জনক রাসায়নিক চুইয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে রোববার (২৯ মার্চ) বিকেলে ইসরাইলের পরিবেশ সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, রাসায়নিক চুইয়ে পড়ার বিষয়টি তদন্তাধীন; তবে এই মুহূর্তে রামাত নেগেভ আঞ্চলিক কাউন্সিলের আশপাশের শহরগুলোর জন্য কোনো ঝুঁকির আশঙ্কা নেই।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন কয়েক হাজার মার্কিন সেনা

ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের শকওয়েভে একজন ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলের ৪০ নম্বর হাইওয়ে বন্ধ করে দিয়েছে। আঞ্চলিক কাউন্সিল নাগরিকদের বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দিয়েছে।

হোম ফ্রন্ট কমান্ড স্থানীয়দের ঘরের ভেতরে অবস্থান করতে, এয়ার কন্ডিশনার বন্ধ রাখতে এবং জানালা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, শিল্পাঞ্চলে আঘাত সম্ভবত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে ঘটেছে। রোববার এএফপিকে তারা জানিয়েছে, “আমরা ধারণা করছি, এটি ক্ষেপণাস্ত্রের একটি শার্পনেল বা ধ্বংসাবশেষের আঘাত।”

ইসরাইলি টেলিভিশন চ্যানেলগুলোতে দেখা গেছে, দক্ষিণ ইসরাইলের নেগেভ মরুভূমির রামাত হোভভ শিল্পাঞ্চল থেকে আকাশে ঘন কালো ধোঁয়া উঠছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ পৃথক বিবৃতিতে জানিয়েছে, আগুনটি দৃশ্যত কোনো গোলাবারুদ বা প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে লেগেছে। আরও কোনো ধ্বংসাবশেষ খুঁজে বের করতে এবং জনগণের জন্য যেকোনো বিপদ দূর করতে তল্লাশি চালানো হচ্ছে।

ইসরাইলি সামরিক বাহিনী এর আগে জানিয়েছিল, রোববার ইরান থেকে আসা পাঁচ দফায় ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করা হয়েছে। প্রতিবারই হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই ও জেরুসালেম পোস্ট