ইরানে সম্ভাব্য স্থল অভিযান
মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন কয়েক হাজার মার্কিন সেনা
ইরান যুদ্ধ শুরুর এক মাস পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের নতুন পদক্ষেপের অংশ হিসেবে গতকাল শনিবার হাজার হাজার মার্কিন নৌ ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক পোস্টে এ তথ্য নিশ্চিত করলেও সেনারা সুনির্দিষ্টভাবে কোথায় অবস্থান করবেন তা স্পষ্ট করেনি।
আরও পড়ুন: ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র
সেন্টকম আরও জানায়, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি তার ‘দায়িত্বের এলাকায়’ পৌঁছেছে।
অবশ্য যুদ্ধজাহাজের নির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি। ইউএসএস ত্রিপোলির দায়িত্বের এলাকা উত্তর-পূর্ব আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং মধ্য ও দক্ষিণ এশিয়ায় বিস্তৃত।
আরও পড়ুন: ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
এর আগে মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছিল, ইউএসএস ত্রিপোলি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা জলে ও স্থলে যুদ্ধে পারদর্শী একটি গ্রুপের নেতৃত্ব দেবে।
ইউএসএস ত্রিপোলির নেতৃত্বাধীন ইউনিটটি প্রায় ৫ হাজার নাবিক এবং মেরিন সেনা নিয়ে গঠিত। এ যুদ্ধজাহাজটি আগে জাপানের আশপাশে ছিল।
গত শুক্রবার উন্নত দেশগুলোর জোট জি ৭ এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর ফ্রান্সে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, ইরানে কোনো স্থলবাহিনী ছাড়াই লক্ষ্য অর্জন করতে পারবে যুক্তরাষ্ট্র। কয়েক মাস নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হবে।
সূত্র: সিএনএন ও বিবিসি





