বিজিবির আধুনিক যান্ত্রিক বহরের প্রথম অংশগ্রহণে জমকালো স্বাধীনতা দিবস প্যারেড
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এবারের উদযাপনের প্রধান আকর্ষণ ছিল দীর্ঘ ১৮ বছর পর আয়োজিত জাতীয় দিবস প্যারেডে প্রথমবারের মতো বিজিবির আধুনিক যান্ত্রিক বহরের অংশগ্রহণ।
রাজধানীর তেজগাঁও জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত বর্ণাঢ্য প্যারেডে বিজিবির একটি সুসজ্জিত কনটিনজেন্ট অংশ নেয়। এতে বাহিনীর আধুনিক সক্ষমতা তুলে ধরতে হেলিকপ্টার ফ্লাইপাস্ট, এন্টি ট্যাংক গাইডেড উইপন (ATGW), আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (APC), রায়ট কন্ট্রোল ভেহিকল (RCV), কুইক রেসপন্স ফোর্স (QRF), র্যাপিড অ্যাকশন টিম (RAT), অল টেরেইন ভেহিকল (ATV) এবং K-9 ইউনিটের প্রশিক্ষিত ডগ স্কোয়াড প্রদর্শন করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, এটি বিজিবির আধুনিকায়ন ও পেশাদারিত্বের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
আরও পড়ুন: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান
এর আগে সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরসহ সারাদেশে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী অংশ নেন। পরে তিনি পিলখানায় ‘সীমান্ত গৌরব’-এ পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়া বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ও বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের সমাধিতেও বিজিবির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আরও পড়ুন: বিশাল সেন্টারে নবীন পাঞ্জাবী কান্ড হাতিরঝিল থানার ওসি ক্লোজড তদন্ত কমিটি গঠন
দিবসটি উপলক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুদের জন্য বিজিবি জাদুঘর ও চিড়িয়াখানা উন্মুক্ত রাখা হয়। সন্ধ্যায় সারাদেশে বিজিবির বিভিন্ন ইউনিটের মসজিদে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ১৯৭১ সালের কালরাতে শহীদদের স্মরণে আগের দিনও বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।





