দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা: নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২৬ | আপডেট: ২:৫০ পূর্বাহ্ন, ২৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে নিহত প্রত্যেকের পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানানো হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সুপ্রিম কোর্টের তিন আইনজীবী—অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের—জনস্বার্থে যৌথভাবে এই নোটিশ পাঠান।

আরও পড়ুন: মুগ্ধসহ ১১ হত্যা মামলায় ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

নোটিশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, সেতু বিভাগের সচিব এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

আইনজীবীরা নোটিশে উল্লেখ করেন, ঘটনাটি আপাতদৃষ্টিতে দুর্ঘটনা মনে হলেও ফেরিঘাট ব্যবস্থাপনা, পরিবহন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা জরুরি। একই সঙ্গে আহতদের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা এবং যারা কর্মক্ষমতা হারিয়েছেন তাদের যথাযথ পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রের বলে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে: গাজী নজরুলের বিষয়ে আদালত

নোটিশে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থে উচ্চ আদালতে রিট দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন, সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটে ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

লিগ্যাল নোটিশ প্রসঙ্গে অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ জানান, জনস্বার্থে নোটিশটি ই-মেইলের মাধ্যমে ইতোমধ্যে পাঠানো হয়েছে। শিগগিরই ডাকযোগেও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।