ব্রিকস সদস্য হচ্ছে সৌদি আরবসহ ৬ দেশ

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৩ | আপডেট: ২:৫১ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বৈশ্বিক জোট ব্রিকসে নতুন ছয়টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) জোটের শীর্ষ সম্মেলনে নতুন পূর্ণ সদস্য হিসেবে মিসর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবের নাম ঘোষণা করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। 

২২ আগস্ট থেকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুরু হয় তিনদিনের এ শীর্ষ সম্মেলন। এতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ছাড়া বাকি চার দেশের সরকার প্রধানরা স্বশরীরে অংশ নেন।

আরও পড়ুন: চীনের সর্বোচ্চ ভবনে ছোট বিমান বিধ্বস্ত, আতঙ্কে সরিয়ে নেওয়া হলো লোকজন

আজ বৃহস্পতিবার সম্মেলনের শেষ দিনে আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নতুন ৬টি দেশকে সদস্য হিসেবে আমন্ত্রণ জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে জোটে নতুন সদস্য দেশের অন্তর্ভুক্তির বিষয়ে দেশগুলোর মধ্যকার বিভেদ দূর হয়ে গেল। 

সিরিল রামাফোসা জানিয়েছেন, নতুন ৬টি দেশ হলো—আর্জেন্টিনা, মিসর, ইরান, ইথিওপিয়া, সৌদি আরব এবং আরব আমিরাত। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের শুরুর দিন থেকেই এই ছয় দেশের সদস্যপদ কার্যকর হবে। এই ৬ দেশকে সদস্য হিসেবে গ্রহণ করার পর জোটের নতুন সদস্য সংখ্যা হবে ১১টি। 

আরও পড়ুন: ইসরাইলকে শর্তহীনভাবে লেবানন ছাড়ার আহ্বান হিজবুল্লাহ প্রধানের

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চলমান তিন দিনব্যাপী সম্মেলনে আলোচনার সবচেয়ে বড় ইস্যুই ছিল জোটের সম্প্রসারণ। এমনকি সামনাসামনি জোটের নেতারা সম্প্রসারণের বিষয়ে একাত্ম পোষণ করলেও এ বিষয়ক বৈঠকে ব্রাজিলের পক্ষ থেকে দ্বিমত পোষণ করা হয়েছিল। তবে সেই দ্বিমত পেরিয়ে অবশেষে জোট সম্প্রসারণের পথেই গেল ব্রিকস।