বেলুচিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৪০ ঘণ্টার অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:৫৫ অপরাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়েছে। প্রদেশটির অন্তত ১২টি শহরে বিচ্ছিন্নতাবাদীদের অতর্কিত হামলার পর পাল্টা অভিযানে নেমেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। দেশটির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৪০ ঘণ্টায় চালানো অভিযানে ১৪৫ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে।

এর আগে কোয়েটাসহ বেলুচিস্তানের ১২টি শহরে সিরিজ হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। সংগঠনটির দাবি, এসব হামলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অন্তত ৮০ জন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গোয়েন্দা সংস্থা ও সন্ত্রাসবিরোধী ইউনিটের সদস্যরাও রয়েছেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত অন্তত ৪০, আহত ৮

শনিবার (৩১ জানুয়ারি) দেওয়া এক বিবৃতিতে বিএলএ জানায়, তাদের যোদ্ধারা একযোগে বেলুচিস্তানের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হেরোফ ফেজ টু’। সংগঠনটির দাবি, টানা ১২ ঘণ্টাব্যাপী তারা ইসলামাবাদের নিরাপত্তা বাহিনী ও প্রশাসনিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়।

বিএলএ আরও দাবি করেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে তাদের হামলার সত্যতা পাওয়া যায়। তবে এসব অভিযানে সংগঠনটির সাতজন যোদ্ধা নিহত হয়েছে বলেও স্বীকার করেছে তারা।

আরও পড়ুন: খামেনির শেষ বিদায়ে সৌদি আরবের কোনো প্রতিনিধি নেই

অন্যদিকে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদীদের হামলায় মোট ৪৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ৩১ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ। প্রদেশজুড়ে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।