ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৯:১২ অপরাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূখণ্ডে সামরিক হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে—এমন কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সাক্ষাৎকারের নির্বাচিত অংশ পরে তার সরকারি টেলিগ্রাম চ্যানেলেও প্রকাশ করা হয়।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয়: লোকসভায় নয়াদিল্লি

আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা চালায়, তবে আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার কোনো পরিকল্পনা নেই। তবে মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ইরানের পাল্টা প্রতিক্রিয়ার লক্ষ্যবস্তু হবে বলে তিনি স্পষ্ট করেন।

সাক্ষাৎকারে পারমাণবিক কর্মসূচি নিয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার আগ্রহের কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পারমাণবিক সমৃদ্ধকরণ তেহরানের একটি মৌলিক ও অবিচ্ছেদ্য অধিকার। তবে এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘স্বস্তিজনক’ চুক্তিতে পৌঁছাতে ইরান প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে জুমার নামাজে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৩২

আরাঘচির ভাষ্য, পারমাণবিক সমৃদ্ধকরণ বন্ধ করা যাবে না এবং সামরিক হামলা চালিয়েও ইরানের সক্ষমতা ধ্বংস করা সম্ভব হয়নি। এই বাস্তবতা মেনেই আলোচনায় অগ্রসর হওয়া উচিত।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনার জন্য এখনো কোনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। তবে উভয় পক্ষই মনে করছে, আলোচনা দ্রুতই অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।

তবে আলোচনার সীমা টেনে দিয়ে আরাঘচি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো অবস্থাতেই আলোচনার বিষয় হতে পারে না। এটি সরাসরি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত এবং এ নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা ‘খুবই ভালো’ হয়েছে বলে মন্তব্য করেন।

সূত্র: এএফপি।