আফগানিস্তানে পাকিস্তানের ড্রোন হামলা, লক্ষ্য টিটিপি ঘাঁটি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৯:২৭ পূর্বাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে এ হামলা চালায় পাকিস্তানি সামরিক বাহিনী।

এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবান। তবে আফগান সূত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-কে জানিয়েছে, দুটি প্রদেশ লক্ষ্য করে হামলা হয়েছে।

আরও পড়ুন: দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২১

সূত্রের দাবি, পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসায় ড্রোন হামলা চালানো হয়েছে। অপর হামলা হয়েছে নানগারহার প্রদেশে।

টিটিপি ও আইএস-ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি

আরও পড়ুন: তিন দিনের সফরে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক্সে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও এর সহযোগী সংগঠনের সাতটি গোপন আস্তানা ও ক্যাম্পে হামলা চালানো হয়েছে। এছাড়া ইসলামিক স্টেট-সংশ্লিষ্ট একটি সংগঠনের ক্যাম্পেও হামলার দাবি করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে হামলাসহ সাম্প্রতিক কয়েকটি হামলা আফগানিস্তানভিত্তিক সশস্ত্র নেতাদের নির্দেশনায় হয়েছে—এমন সুস্পষ্ট তথ্য তাদের কাছে রয়েছে।

সাম্প্রতিক হামলার প্রেক্ষাপট

এর আগে খাইবার পাখতুনখোয়ার বান্নু বিভাগে আত্মঘাতী হামলায় এক লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা নিহত হন। এছাড়া বাজাউরে এক আত্মঘাতী হামলায় ১১ সেনা ও এক শিশু নিহত হওয়ার ঘটনাও ঘটে। পাকিস্তানের দাবি, এসব হামলার সঙ্গে আফগানিস্তানের নাগরিকরা জড়িত।

গত ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় ৩১ জন নিহত হওয়ার ঘটনাও উত্তেজনা বাড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, সীমান্তপারের এ ধরনের হামলা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে।