বিশ্বের সব দেশের ওপর আমদানি শুল্ক ১৫ শতাংশ করলেন ট্রাম্প
বিশ্বের সব দেশের আমদানি পণ্যের ওপর আরোপিত অস্থায়ী পারস্পরিক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (২১ ফেব্রুয়ারি) মার্কিন সুপ্রিম কোর্ট গত বছর ট্রাম্পের আরোপ করা শুল্ক বাতিল করে দেয়। আদালতের রায়ে বলা হয়, শুল্ক আরোপের ক্ষেত্রে প্রেসিডেন্ট তার ক্ষমতার অতিরিক্ত ব্যবহার করেছেন এবং কংগ্রেসের অনুমোদন নেওয়া উচিত ছিল।
আরও পড়ুন: ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরাইল, প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র
রায়ের পরই নতুন ঘোষণা
আদালতের রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প নতুন করে বিশ্বের সব দেশের আমদানি পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। পরে তা বাড়িয়ে ১৫ শতাংশ করেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান ৬০ দিনের সমঝোতা: ফাঁস হওয়া ১২ শর্তে কী আছে?
সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিচ্ছি যে, আজ থেকেই বিশ্বের সব দেশের ওপর আমাদের আরোপ করা ১০ শতাংশ আমদানি শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করা হলো। অনেক দেশ বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রকে ঠকিয়ে আসছিল এবং এর কোনো বিচারও হচ্ছিল না। এখন থেকে আইন মেনেই তাদের ওপর এই বাড়তি কর কার্যকর হবে।”
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, নতুন ১৫ শতাংশ শুল্ক আগামী ১৫০ দিন কার্যকর থাকবে। তবে ট্রাম্প জানিয়েছেন, এটিকে স্থায়ী ও আইনি বৈধতা দিতে তার প্রশাসন কাজ করবে।
আইইইপিএ আইনের অধীনে শুল্ক
গত বছর জরুরি অর্থনৈতিক শক্তি আইন—International Emergency Economic Powers Act (আইইইপিএ)—এর অধীনে বিশ্বের সব দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। এর ফলে যুক্তরাষ্ট্রে বিভিন্ন আমদানি পণ্যের দাম বেড়ে যায়।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, এ ধরনের শুল্ক আরোপের ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদন জরুরি ছিল। তবে নতুন ঘোষণার মাধ্যমে ট্রাম্প আবারও বাণিজ্যনীতিতে কঠোর অবস্থানের ইঙ্গিত দিলেন বলে মনে করছেন বিশ্লেষকরা।





