মোজতবা খামেনির ‘মাথার দাম ১ কোটি ডলার’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে লক্ষ্য করে তথ্য দিলে পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কর্মসূচির আওতায় তার অবস্থান বা সংশ্লিষ্ট তথ্যের জন্য সর্বোচ্চ ১ কোটি ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির অধীনে মোজতবা খামেনিসহ ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার তথ্যের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়।
আরও পড়ুন: যুদ্ধে মনোযোগ দিতে নিজের দুর্নীতির বিচার বন্ধ চান নেতানিয়াহু
মার্কিন কূটনৈতিক নিরাপত্তা বিভাগের প্রকাশিত এক ব্যানারে মোজতবা খামেনি, তার নিহত বাবার ডেপুটি চিফ অব স্টাফ আলি আসগর হেজাজি এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানিকে ‘ওয়ান্টেড’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
তালিকায় আরও রয়েছেন সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা ইয়াহইয়া রহিম সাফাভি, স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব।
আরও পড়ুন: কুদস দিবসে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে তেল আবিব
এ ছাড়া ব্যানারে নাম উল্লেখ না করে আরও চারটি গুরুত্বপূর্ণ পদের কথাও বলা হয়েছে। এগুলো হলো—সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি, সর্বোচ্চ নেতার সামরিক দপ্তরের প্রধান, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান এবং ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালিকাভুক্ত ব্যক্তিরা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর বিভিন্ন শাখা পরিচালনা ও নির্দেশনার সঙ্গে যুক্ত। এসব শাখা বিশ্বের বিভিন্ন স্থানে নানা ধরনের অভিযান পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়েছে।
‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি জানিয়েছে, তালিকাভুক্ত ব্যক্তিদের সম্পর্কে অথবা বিপ্লবী গার্ড বাহিনীর ঊর্ধ্বতন কমান্ডার ও সংশ্লিষ্ট নেটওয়ার্ক সম্পর্কে কারো কাছে তথ্য থাকলে তারা নিরাপদ যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তথ্য দিতে পারবেন।
যোগ্য বা গুরুত্বপূর্ণ তথ্য প্রদানকারীদের সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হতে পারে বলেও ব্যানারে উল্লেখ করা হয়েছে।





