ইসলামাবাদে চার দেশের বৈঠক, হরমুজ প্রণালি খুলতে তোড়জোড়

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৬ | আপডেট: ৮:৪৬ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এক মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান উত্তেজনার প্রভাবে উপসাগরীয় দেশগুলো যেমন চাপে পড়েছে, তেমনি এর প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও।

এই প্রেক্ষাপটে রোববার (২৯ মার্চ) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ আলোচনায় তুরস্ক, সৌদি আরব, মিসর ও পাকিস্তানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

আরও পড়ুন: শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই বৈঠক যুক্তরাষ্ট্র ও ইরানকে সরাসরি আলোচনার টেবিলে আনার লক্ষ্যে সবচেয়ে সমন্বিত আঞ্চলিক উদ্যোগ।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, আলোচনার অন্যতম প্রধান অগ্রাধিকার হচ্ছে হরমুজ প্রণালিকে জাহাজ চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত করা। এই প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বন্ধ থাকায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে।

আরও পড়ুন: যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর

প্রথম দিনের আলোচনা শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, বৈঠকে অংশ নেওয়া দেশগুলোর প্রতিনিধিরা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের দ্রুত ও টেকসই সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেছেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সংলাপ নিয়েও মতবিনিময় হয়েছে।

এদিকে বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে প্রায় ৯০ মিনিট ফোনে কথা বলেন। পাঁচ দিনের মধ্যে এটি ছিল তাদের দ্বিতীয় ফোনালাপ, যা কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।