অস্ট্রেলিয়ার সেনাপ্রধান হচ্ছেন প্রথম নারী, দায়িত্বে লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েল

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:০৩ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর প্রধান হিসেবে একজন নারীকে নিয়োগ দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েলকে দেশটির নতুন চিফ অব আর্মি হিসেবে ঘোষণা করেছে সরকার। আগামী জুলাই থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমানে চিফ অব জয়েন্ট ক্যাপাবিলিটিজ হিসেবে দায়িত্ব পালন করা সুসান কয়েল লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন।

আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী, ব্যারেল ১০৪ ডলার ছাড়ালো

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, “জুলাই মাস থেকে অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ১২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সেনাপ্রধান পেতে যাচ্ছি।”

প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এই নিয়োগকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সে কর্মরত নারীদের জন্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হয়ে থাকবে। ভবিষ্যতে যারা প্রতিরক্ষা খাতে কাজ করতে চান, তাদের জন্যও এটি একটি বড় উদাহরণ।

আরও পড়ুন: হজে যেতে ‘হজ ভিসা’ বাধ্যতামূলক: সৌদি আরব

৫৫ বছর বয়সী সুসান কয়েল ১৯৮৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সেনাবাহিনীর যেকোনো সার্ভিস শাখার নেতৃত্বদানকারী প্রথম নারী হিসেবেও ইতিহাস গড়তে যাচ্ছেন।

বর্তমানে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সে নারীদের অংশগ্রহণ প্রায় ২১ শতাংশ, যেখানে ঊর্ধ্বতন নেতৃত্বে তাদের উপস্থিতি ১৮ দশমিক ৫ শতাংশ। সংস্থাটি ২০৩০ সালের মধ্যে এই হার ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে।

বিশ্লেষকদের মতে, সুসান কয়েলের নিয়োগ অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।