হরমুজ প্রণালিতে ভারতগামী জাহাজ জব্দের ভিডিও প্রকাশ করেছে ইরান

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:২০ অপরাহ্ন, ২৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হরমুজ প্রণালিতে ভারতগামী দুটি জাহাজ জব্দের ভিডিও প্রকাশ করেছে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। জব্দ হওয়া জাহাজ দুটি হলো ‘ইপামিনোন্ডাস’ ও ‘এমএসসি ফ্রান্সেসকা’।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ইরানি পতাকাবাহী স্পিডবোট দ্রুতগতিতে জাহাজগুলোর দিকে অগ্রসর হচ্ছে। পরে মুখোশধারী ও সশস্ত্র নৌসেনারা জাহাজে উঠে সেগুলোর নিয়ন্ত্রণ নেয়।

আরও পড়ুন: শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ

নূর নিউজ জানিয়েছে, সতর্কবার্তা উপেক্ষা করায় ‘ইপামিনোন্ডাস’ জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। একই সময়ে ‘ইউফোরিয়া’ নামের আরেকটি জাহাজও লক্ষ্যবস্তুতে পরিণত হলে সেটি থেমে যায়। এছাড়া ‘এমএসসি ফ্রান্সেসকা’কেও নিশানা করা হয়।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে হরমুজ প্রণালিতে নিয়ম লঙ্ঘনের অভিযোগে জাহাজ দুটি শনাক্ত করে থামানো হয়। সংস্থাটি দাবি করেছে, ‘এমএসসি ফ্রান্সেসকা’ ইসরায়েল-সংশ্লিষ্ট মালিকানাধীন এবং ‘ইপামিনোন্ডাস’ নেভিগেশন ব্যবস্থায় কারসাজির মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলছিল।

আরও পড়ুন: যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর

বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে আরোপিত বিধিনিষেধ অমান্য বা নিরাপদ নৌচলাচল ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই জাহাজ জব্দের ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।