ইরানের নতুন প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প, সামরিক পদক্ষেপের হুমকি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ন, ০২ মে ২০২৬ | আপডেট: ৪:২৬ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিরসনে নতুন প্রস্তাব দিয়েছে ইরান, তবে এতে সন্তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় অগ্রগতি না হলে পুনরায় সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

শুক্রবার (১ মে) ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়, চলমান আলোচনায় কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না। ট্রাম্প সাংবাদিকদের বলেন, তার সামনে দুটি পথ খোলা—একটি সামরিক পদক্ষেপ, অন্যটি চুক্তিতে পৌঁছানো।

আরও পড়ুন: শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ

নতুন প্রস্তাবের নির্দিষ্ট বিষয়গুলো প্রকাশ না করলেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের দাবির কিছু অংশ যুক্তরাষ্ট্রের পক্ষে গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, ইরানের নেতৃত্বের মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণ নিয়েও অনিশ্চয়তা আছে।

ইরানের সামরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। তার দাবি, দেশটির সামরিক শক্তি দুর্বল হয়ে পড়েছে এবং যুক্তরাষ্ট্র এখন সরে গেলে পুনর্গঠনে দীর্ঘ সময় লাগতে পারে।

আরও পড়ুন: যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নতুন প্রস্তাবটি পাকিস্তান-এর মাধ্যমে ওয়াশিংটনে পাঠানো হয়েছে। তবে প্রস্তাবের বিস্তারিত বিষয় এখনো প্রকাশ করা হয়নি। ইসলামাবাদ প্রথমে এটিকে তাদের কূটনৈতিক উদ্যোগের সাফল্য হিসেবে দেখলেও সাম্প্রতিক অচলাবস্থায় তাদের ভূমিকা সীমিত হয়ে গেছে।

বিশ্লেষকদের মতে, একদিকে ইরান নিজেদের অবস্থান কঠোর রাখছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র আপসের বদলে পূর্ণ সমাধান চাচ্ছে—ফলে আলোচনায় জটিলতা বাড়ছে।

বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালি নিয়ে অচলাবস্থা। যুক্তরাষ্ট্র চায় এ নৌপথ চালু হোক, তবে ইরান এটিকে কৌশলগত চাপ হিসেবে ব্যবহার করছে।

এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে।