গুরুত্ব পাবে প্রতিরক্ষা সহযোগিতা

তিন দিনের সফরে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ন, ০৩ জুন ২০২৬ | আপডেট: ১২:০১ অপরাহ্ন, ০৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্য নিয়ে তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

সফরের শেষ দিন ৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য, শিক্ষা, বিনিয়োগ, প্রযুক্তি এবং উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণে তুরস্কের আগ্রহ বাড়ছে। ফলে হাকান ফিদানের এবারের সফরে প্রতিরক্ষা সহযোগিতা অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে পারে।

আরও পড়ুন: দুই সপ্তাহের মধ্যে খামেনির জানাজা ও দাফন, লাখো মানুষের সমাগমের প্রস্তুতি

এর আগে চলতি বছরের এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তুরস্ক সফর করেন। ওই সফরেই তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। তারই ধারাবাহিকতায় এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, উচ্চপর্যায়ের এ সফর বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে এবং দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি করবে।