ব্যাপক হতাহতের সংখ্যা
ভেনেজুয়েলায় পরপর দুইবার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ভেনেজুয়েলায় পরপর একাধিক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। সম্ভাব্য হতাহতের সংখ্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
বৃহস্পতিবার (২৫ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ১০টা ০৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপে এলাকার কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এর কিছুক্ষণ পর রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমার এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
আরও পড়ুন: ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা
ভূমিকম্পের পর বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরের কিছু অংশে ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। একই সঙ্গে আতঙ্কিত মানুষকে নিরাপদ স্থানে ছুটে যেতে দেখা গেছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, ভূমিকম্পের সময় মুহূর্তের মধ্যে ভবনের সিঁড়ির অংশ ভেঙে পড়ে এবং দেয়ালের কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। কম্পনের কারণে ছাদ থেকেও বিভিন্ন বস্তু খসে পড়তে থাকে।
আরও পড়ুন: ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭ শতাধিক
ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ সংস্থাগুলো জানিয়েছে, এ ধরনের শক্তিশালী ভূমিকম্পের কারণে ব্যাপক প্রাণহানি ও বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে সরকারি কোনো সূত্র থেকে হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি।
এদিকে পরিস্থিতি নিয়ে দেশটির শীর্ষ পর্যায়ে তৎপরতা শুরু হয়েছে। ভূমিকম্প-পরবর্তী অবস্থা পর্যালোচনা করে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।





