নাইজেরিয়ায় বিষাক্ত দেশি মদ পানে প্রাণ গেল ৪৮ জনের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৩২ পূর্বাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ নাইজেরিয়ায় বিষাক্ত দেশি মদ পান করে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আক্রান্ত হয়েছেন ১৮২ জন। তাদের মধ্যে প্রায় ১০০ জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরও পড়ুন: ইয়েমেনে হুথিদের সঙ্গে তীব্র সংঘাত, ২৪ ঘণ্টায় নিহত ৬৩

দেশটির ওন্দো রাজ্যের ওদিগবো ও আইরেলে স্থানীয় সরকার এলাকায় এ বিষক্রিয়ার ঘটনা ঘটে। আক্রান্তদের অনেকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের কিডনি বিকল হয়ে গেছে, কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং কারও মস্তিষ্কে ক্ষতির লক্ষণ দেখা দিয়েছে।

স্থানীয়ভাবে তৈরি উচ্চমাত্রার অ্যালকোহলযুক্ত ঔষধি পানীয় ‘মাংকি টেইল’-এ বিষাক্ত মিথানল মেশানোর কারণেই এই প্রাণহানি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রায় দুই সপ্তাহ আগে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে।

আরও পড়ুন: সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র

সন্দেহে গ্রেপ্তার ১৫

ঘটনার তদন্তে নেমে এরই মধ্যে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ওই বিষাক্ত পানীয়ের উৎপাদনের সঙ্গে জড়িত ব্যক্তিরাও রয়েছেন।

ওন্দো রাজ্য পুলিশের মুখপাত্র আবায়োমি জিমো জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিরা বর্তমানে পুলিশি জিজ্ঞাসাবাদ ও তদন্তে সহযোগিতা করছেন। বিষাক্ত পানীয় তৈরির সঙ্গে তাদের সম্পৃক্ততা এবং মিথানল মেশানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

গ্রামে জনপ্রিয় সস্তা দেশি মদ

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার গ্রামীণ অঞ্চলে কম দাম ও সহজলভ্যতার কারণে স্থানীয়ভাবে তৈরি মদ বেশ জনপ্রিয়। তবে এসব পানীয় উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে পর্যাপ্ত নিয়ন্ত্রণ না থাকায় মাঝেমধ্যেই বিষক্রিয়া ও প্রাণহানির ঘটনা ঘটে।

এ ধরনের ঝুঁকি কমাতে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন ও নিয়ন্ত্রণ সংস্থা শিশুদের নাগালের বাইরে রাখতে প্লাস্টিকের পাত্রে মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে।

নতুন এই ঘটনায় বিষাক্ত মদ তৈরির উৎস এবং এর বিস্তারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।