টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা সাত দিন ধরে কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের মধ্যে তেহরান কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দেওয়ায় তেলের বাজারে এই দরপতন দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯৪ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ কমে ১০২ দশমিক ১৩ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৫৯ সেন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৫৬ ডলারে লেনদেন হচ্ছে।
আরও পড়ুন: চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান
এর আগে আগের দিনের লেনদেনে জ্বালানি তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছিল। তবে ইরান সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনার প্রস্তুতির ইঙ্গিত দেওয়ার পর বাজারে আবারও দরপতন শুরু হয়। যদিও সংঘাত নিরসনের উপায় নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে।
জ্বালানির দাম বাড়ার কারণে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছিল। এর প্রভাব পড়েছে বিভিন্ন দেশের বন্ড বাজারেও। বুধবার যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হার শূন্য দশমিক ০১ শতাংশীয় পয়েন্ট বেড়ে ৪ দশমিক ৯৬ শতাংশে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
এদিকে শিকাগো ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট অস্টান গুলসবি চলতি সপ্তাহে মূল্যস্ফীতি নিয়ে সতর্ক করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক মূল্যস্ফীতির বৃদ্ধি যদি শুধু জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সাময়িক প্রভাব না হয়ে দীর্ঘস্থায়ী কোনো কারণের সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে কেন্দ্রীয় ব্যাংককে দ্রুত ও কঠোর পদক্ষেপ নিতে হতে পারে।





