পানি পান করেও শরীরে পানিশূন্যতা? জেনে নিন ডিহাইড্রেশনের ৫ অজানা লক্ষণ

Any Akter
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ন, ২৩ মে ২০২৬ | আপডেট: ২:৫৭ পূর্বাহ্ন, ২৪ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকায় শরীরকে আর্দ্র রাখা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে বিশেষজ্ঞরা বলছেন, পানিশূন্যতার লক্ষণ সবসময় তৃষ্ণা হিসেবে প্রকাশ পায় না। অনেকেই নিয়মিত পানি পান করার পরেও শরীরে ডিহাইড্রেশনের বিভিন্ন উপসর্গ অনুভব করতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ঘাম, গরম আবহাওয়া এবং শরীর থেকে প্রয়োজনীয় খনিজ পদার্থ বেরিয়ে যাওয়ার কারণে শরীরের তরলের ভারসাম্য নষ্ট হয়। যখন শরীর গ্রহণ করা তরলের তুলনায় বেশি তরল হারায়, তখনই দেখা দেয় পানিশূন্যতা। এতে শরীরের ইলেক্ট্রোলাইটের ভারসাম্যও বিঘ্নিত হতে পারে।

আরও পড়ুন: অপর্যাপ্ত ঘুমে শিশুদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব, বলছে গবেষণা

নিচে ডিহাইড্রেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ তুলে ধরা হলো—

১. ক্লান্তি ও দুর্বলতা

আরও পড়ুন: গ্রীষ্মে বাড়ছে নানা রোগের ঝুঁকি, যেসব অসুস্থতায় থাকতে হবে বেশি সতর্ক

পর্যাপ্ত বিশ্রামের পরেও যদি সারাক্ষণ ক্লান্ত লাগে, তবে সেটি শরীরে পানির ঘাটতির লক্ষণ হতে পারে। শরীরে তরল কমে গেলে রক্ত সঞ্চালন ব্যাহত হয়, ফলে অক্সিজেন ও পুষ্টি উপাদান সঠিকভাবে পৌঁছাতে পারে না। গবেষণায় দেখা গেছে, সামান্য ডিহাইড্রেশনও ক্লান্তি ও মনোযোগ কমিয়ে দিতে পারে।

২. ঘন ঘন মাথাব্যথা

বিশেষ করে গরমে যদি বারবার মাথাব্যথা হয়, তাহলে সেটি পানিশূন্যতার ইঙ্গিত হতে পারে। শরীরে পানির ঘাটতি রক্তপ্রবাহ ও চাপের পরিবর্তন ঘটায়, যা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। হার্ভার্ড হেলথের তথ্যমতে, ডিহাইড্রেশন মাথাব্যথার অন্যতম সাধারণ কারণ।

৩. গাঢ় হলুদ প্রস্রাব

প্রস্রাবের রঙ শরীরে পানির মাত্রা বোঝার সহজ উপায়। যদি প্রস্রাব গাঢ় হলুদ বা ঘন হয়, তবে বুঝতে হবে শরীর পানি ধরে রাখার চেষ্টা করছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শরীরে পানির ঘাটতির একটি গুরুত্বপূর্ণ সংকেত।

৪. মনোযোগে ঘাটতি

মনোযোগ দিতে সমস্যা হওয়া বা মানসিকভাবে ঝিমঝিম লাগাও ডিহাইড্রেশনের লক্ষণ হতে পারে। গবেষণায় দেখা গেছে, শরীরে পানির সামান্য ভারসাম্যহীনতাও মস্তিষ্কের কার্যকারিতায় নেতিবাচক প্রভাব ফেলে।

৫. পানি পান করেও তৃষ্ণা না কমা

পর্যাপ্ত পানি পান করার পরেও যদি তৃষ্ণা বা দুর্বলতা অনুভূত হয়, তাহলে এর পেছনে থাকতে পারে ইলেক্ট্রোলাইটের ঘাটতি। অতিরিক্ত ঘামের ফলে শরীর থেকে সোডিয়ামসহ বিভিন্ন খনিজ বেরিয়ে যায়। তাই শুধু পানি নয়, প্রয়োজনে ইলেক্ট্রোলাইটসমৃদ্ধ খাবার বা পানীয়ও গ্রহণের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, গরমে সুস্থ থাকতে নিয়মিত পানি পান করার পাশাপাশি শরীরের খনিজের ভারসাম্য ঠিক রাখাও জরুরি।