ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এ দেশেই জন্মেছি। জন্মসূত্রেই আমরা বাংলাদেশের মর্যাদাবান নাগরিক। আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান- সব ধর্মের মানুষের মিলিত সত্তায়ই এই বাংলাদেশ। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন, সুন্দর বাংলাদেশ গড়তে চাই।
সোমবার (৯ জুন) সন্ধ্যায় বড়লেখা উপজেলা জামায়াত আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আন্তঃধর্মীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
বড়লেখা উপজেলা জামায়াতের আমির এমাদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল বাছিতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মো. ইয়ামীর আলী, ঢাকার পল্টন থানা জামায়াতের আমির শাহিন আহমদ খান এবং মৌলভীবাজার-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
এ ছাড়াও বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ আল মাফুজ সুমন, উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুল মুহাইমিন ও মো. কামাল উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার পাল, সহ-সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্তী ও গীতেশ চন্দ্র দাস, কোষাধ্যক্ষ মুক্তাসান বিশ্বাস এবং হ্যাডম্যান কেমেডি সুমের।
আরও পড়ুন: জিরো ওয়েস্ট ক্যাম্পেইন: ১৭ দিনের কর্মসূচি শেষ করলো প্র্যাকটিক্যাল অ্যাকশন
অনুষ্ঠান শেষে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।





