পূজায় ভারতে রপ্তানি হচ্ছে ৩৯৫০ টন ইলিশ

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ১২:৫৫ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ থেকে ভারতে রফতানি হচ্ছে ৩ হাজার ৯৫০ টন ইলিশ। এ লক্ষ্যে ৭৯টি প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার (২০ সেপ্টেম্বর) রপ্তানির অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে রপ্তানিকারকদের নাম ও রপ্তানির পরিমাণ উল্লেখ করা হয়েছে।

এর আগে কলকাতার ব্যবসায়ীরা ৫ হাজার টন ইলিশের চাহিদার কথা জানিয়েছিল। গত ১ সেপ্টেম্বর কলকাতা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে ওই আবেদন করে। এরপর ৪ সেপ্টেম্বর তা বাণিজ্য মন্ত্রণালয়ে আসে।

আরও পড়ুন: ফুটপাত থেকে নির্মাণ সামগ্রী অপসারণে অভিযানে যাচ্ছে ডিএমপি

এর আগে, গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছিলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবারও ভারতে ৫ হাজার টন ইলিশ রপ্তানি করা হতে পারে।

জানা গেছে, গতবার পূজার সময় ২ হাজার ৯০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হয়েছিল। তবে রপ্তানি হয়েছে ১ হাজার ৩০০ টন। আগের বছরগুলোতেও একই পরিস্থিতি হয়েছিল। অনুমোদনের তুলনায় রপ্তানির পরিমাণ ছিল ৩০ থেকে ৪০ শতাংশ কম।

আরও পড়ুন: নববর্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী: পহেলা বৈশাখ আত্মপরিচয়ের প্রতীক

২০১৭ সাল থেকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য হিসেবে স্বীকৃত ইলিশ। 

মৎস্যবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডফিশের গত বছরের হিসাবে, বিশ্বের মোট ইলিশের ৮৬ শতাংশ বাংলাদেশে উৎপাদিত হচ্ছে। অথচ ছয় বছর আগে বিশ্বের মোট ইলিশের উৎপাদনের ৬৫ শতাংশ আসত বাংলাদেশ থেকে।