ডোনাল্ড লু’র সঙ্গে কী আলোচনা হয়েছে জানালেন পরিবেশমন্ত্রী

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ন, ১৫ মে ২০২৪ | আপডেট: ৫:৩২ অপরাহ্ন, ১৫ মে ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বুধবার (১৫ মে) দুপুরে সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সাথে বৈঠক করেছেন। বৈঠক শেষে তিনি জানান, আগামী দিনে দুই দেশের সম্পর্ক কীভাবে আরও সুদৃঢ় করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।

সাবের হোসেন বলেন, অতীত নিয়ে কোনো আলোচনা হয়নি। বর্তমান সম্পর্ক এগিয়ে নিয়ে যাব। কিছু বিষয়ে আমাদের অবস্থান অভিন্ন। জলবায়ু ইস্যুতে আমরা একসঙ্গে কাজ করব।

আরও পড়ুন: রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা প্রায় ৩ হাজার যাত্রী

সাবের হোসেন চৌধুরী বলেন, যখনই আমরা জলবায়ু নিয়ে কথা বলি, পরিবেশের বিষয়টা চলে আসে। আমাদের আগামী দিনের যে সহযোগিতা সেটাকে আমরা একটা কাঠামোর মধ্যে আনার চেষ্টা করব। আমাদের ওয়ার্কিং গ্রুপের মতো কিছু একটা থাকতে পারে। আমরা তিন বা চার অথবা পাঁচ বছরের একটা কর্মসূচি নেব। প্রতিবছর সেই কর্মসূচির অধীনে আমরা কী কী কাজ করব, সেটা থাকবে।

তিনি বলেন, এ ছাড়াও আগামী দিনে তারা জলবায়ুতে কীভাবে অর্থায়ন করবে, সেটা একটা বড় বিষয়। কেননা, আমরা যদি প্যারিস চুক্তির আলোকে দেখি সেখানে চাহিদাটা ছিল বিলিয়ন ডলারের। এখন চাহিদা চলে যাচ্ছে ট্রিলিয়ন ডলারে। এখন ট্রিলিয়ন ডলার তো আর কোনো সরকারের কাছ থেকে আসবে না। মূলত আসবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি খাত থেকে।

আরও পড়ুন: রিয়াদে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে সম্পর্কের কিছু বিষয় আছে যার একটা স্থায়িত্ব থাকে। আবার কিছু কিছু বিষয় তৈরি হতে পারে যেটা বিশেষ একটা প্রেক্ষাপটে। আমরা আজ যেটা আলাপ করেছি আমাদের যে মৌলিক বিষয়গুলো আছে, যেগুলো আমরা মনে করি অভিন্ন, সেগুলো নিয়ে আলোচনা করেছি।

সাবের হোসেন চৌধুরী বলেন, নির্বাচনের আগে তাদের একটা দৃষ্টিভঙ্গি ছিল। এখন তো ইলেকশনের বিষয়টি এ আলোচনায় ভ্যালিডেড না। আর আমি প্রথমেই বলেছি, আমরা সামনের দিকে কীভাবে আমাদের সম্পর্কটাকে আরও সুদৃঢ় করব, সেটা নিয়েই মূলত আলোচনা।