ড্যাবের নতুন নেতৃত্ব নির্বাচনে শনিবার কাউন্সিল, ভোট দেবেন সাড়ে তিন হাজার চিকিৎসক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:০৫ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব)-এর নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য শনিবার (৯ আগস্ট) কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা সরাসরি ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবেন। ভোট গ্রহণ শুরু হবে দুপুর ১টায় এবং চলবে বিকাল ৫টা পর্যন্ত।

ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বিজন কান্তি সরকার জানিয়েছেন, “কাউন্সিলের সব প্রস্তুতি শেষ হয়েছে। যথাসময়ে ভোটগ্রহণ শুরু হবে।”

আরও পড়ুন: শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা

এবারের নির্বাচনে পাঁচটি পদে নেতৃত্ব ঠিক করা হবে: সভাপতি, সিনিয়র সহসভাপতি, মহাসচিব, কোষাধ্যক্ষ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব। নির্বাচনে মোট সাড়ে তিন হাজার ১৩১ জন ভোটার ভোট দেবেন।

এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে:

আরও পড়ুন: শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

'আজিজ-শাকুর' প্যানেল: এই প্যানেলের নেতৃত্বে আছেন অধ্যাপক এ কে এম আজিজুল হক, যিনি ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত ড্যাবের সভাপতি ছিলেন। তার প্যানেলে মহাসচিব পদে অধ্যাপক আব্দুস শাকুর খান, সিনিয়র সহসভাপতি পদে ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুশার, কোষাধ্যক্ষ পদে ডা. তৌহিদ উল ইসলাম এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. আবু মো. আহসান ফিরোজ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

'হারুন-শাকিল' প্যানেল: এই প্যানেলের নেতৃত্বে আছেন অধ্যাপক হারুনুর রশীদ, যিনি ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ড্যাবের নেতৃত্বে ছিলেন। তার প্যানেলে মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহসভাপতি পদে ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ পদে ডা. মো. মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া, সভাপতি পদে ডা. ওবায়দুল কবির স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন নিয়ে উভয় প্যানেলের নেতারাই আশাবাদী। অধ্যাপক এ কে এম আজিজুল হক বলেন, "আমি আশাবাদী, ইনশাল্লাহ আমরা ভালো ফল করব। মাঠের অবস্থা ভালো।" অন্যদিকে, অধ্যাপক হারুনুর রশীদ বলেন, "আমরা ভালো সাড়া পাচ্ছি। বিগত সময়গুলোতে আমরাই মাঠে ছিলাম, আমাদের জয় হবেই।"

উল্লেখ্য, সর্বশেষ ড্যাবের নির্বাচন হয়েছিল ২০১৯ সালের ২৪ মে, যেখানে হারুন আল রশীদ সভাপতি ও আব্দুস সালাম মহাসচিব নির্বাচিত হয়েছিলেন। গত ২৫ মে কমিটির মেয়াদ শেষ হওয়ায় ২৪ জানুয়ারি কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে বিএনপি।