রাজধানীতে নাশকতার পরিকল্পনায় সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেলসহ ৯ জন গ্রেপ্তার
রাজধানীতে ঝটিকা মিছিলসহ নাশকতার পরিকল্পনা ও অর্থায়নের অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলসহ নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ঈদের জামাতে প্রধানমন্ত্রীর মাথায় টুপি পরিয়ে দিলেন খতিব
গ্রেপ্তারকৃতরা হলেন— নীলফামারী-৩ আসনের সাবেক সাংসদ সাদ্দাম হোসেন পাভেল (৫০), পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. তানজিল হোসেন অভি (২৯), সূর্যমনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান হাওলাদার (৪৩), বাউফল উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ.কে.এম খোরশেদ আলম (৬৫), বংশাল থানা আওয়ামী লীগের নেতা মো. দেলোয়ার হোসেন বাবলু (৬১), উত্তরা পূর্ব যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন ভুইয়া (২৯), যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. কায়কোবাদ ওসমানী (৫৩), মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন (৬০)।
ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেলকে রাত ১০টা ৫০ মিনিটে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়। একই দিনে আলাদা অভিযানে রাজধানীর মানিকদিয়া, পান্থপথ, নয়াবাজার, পুলিশ ক্লাবের সামনে, মালিবাগ ও কাকরাইল এলাকা থেকে অপর আটজনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ঈদুল আজহায় জিয়া পরিবারের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
ডিবির দাবি, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে।
ডিবি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





