আগামী ৭ জুন শুরু হচ্ছে বাজেট অধিবেশন: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) জানিয়েছেন, আগামী ৭ জুন থেকে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। তিনি বলেন, এ অধিবেশনের মাধ্যমে দেশের অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা সম্পর্কে জনগণ সুস্পষ্ট ধারণা পাবে।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে পাঁচ দিনের সফরে ভোলায় এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: আভানকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, দাবি ইউনিভার্সেল মেডিকেলের
স্পিকার বলেন, সরকার এমন একটি বাজেট উপস্থাপন করবে বলে আশা করা হচ্ছে, যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হয়।
তিনি আরও বলেন, বাজেট অধিবেশন শেষে দেশের অর্থনীতির সামগ্রিক চিত্র জনগণের সামনে স্পষ্ট হবে এবং এতে বিদেশি বিনিয়োগকারীদের কাছেও ইতিবাচক বার্তা পৌঁছাবে।
আরও পড়ুন: নভেম্বরের শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু
সরকার ও বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে স্পিকার বলেন, “সরকার বাজেট উপস্থাপন করবে, বিরোধী দল তা নিয়ে সমালোচনা করবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাই।”
তিনি জানান, বিরোধী দল যাতে সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারে, সে জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করার চেষ্টা থাকবে। একই সঙ্গে সরকারি ও বিরোধী দলের মধ্যে সহযোগিতামূলক মনোভাব অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
স্পিকার আরও বলেন, বর্তমান জাতীয় সংসদ জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মেজর হাফিজ বলেন, বিগত কয়েক বছরে দেশে এক ধরনের ভীতিকর পরিবেশ বিরাজ করেছিল, যার কারণে রাজনৈতিক কর্মীরা নানা ধরনের হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে তিনি মন্তব্য করেন এবং আশা প্রকাশ করেন, এবারের ঈদ জনগণের জন্য স্বস্তির হবে।
এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পরিষদ প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





