জগন্নাথ হলে প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, ছাত্রদলের তিন নেতাকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের অভিযোগে হল শাখা ছাত্রদলের তিন নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া নেতারা হলেন— জগন্নাথ হল শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক চন্দন দাস, ঝলক দাস ও রিপন চন্দ্র সরকার।
ঘটনাটি ঘটে রোববার (২৪ মে) সন্ধ্যায়। ভুক্তভোগী শিক্ষার্থী অভয় কুমার সিংহ, যিনি বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং শারীরিক প্রতিবন্ধী, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন ছাত্রদল কর্মী তার রুমে ঢুকে শারীরিকভাবে নির্যাতন করেন।
আরও পড়ুন: বাংলাদেশে শিশু সুরক্ষা জোরদারে ঢাবিতে চালু হচ্ছে ডিপ্লোমা প্রোগ্রাম
অভয়ের ভাষ্য অনুযায়ী, রবীন্দ্র ভবনের নিচে একটি চায়ের দোকানে বসে থাকার সময় হাঁটুর সমস্যার কারণে তিনি পা তুলে বসেছিলেন। এ সময় অভিযুক্তদের একজন তাকে পা নিচে নামাতে বলেন। পরে তিনি রুমে ফিরে গেলে চন্দন দাস, ঝলক দাস, রিপন চন্দ্র সরকার ও আরও একজন শিক্ষার্থী তার রুমে গিয়ে তাকে মারধর ও হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
ফেসবুক পোস্টে অভয় লেখেন, একজন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর রুমে গিয়ে এ ধরনের হামলা শুধু অমানবিক নয়, বরং জগন্নাথ হলের মানবিক পরিবেশের জন্যও লজ্জাজনক। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
আরও পড়ুন: রামিসা ধর্ষণের আসামির দ্রুত শাস্তির দাবিতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের মানববন্ধন
এ ঘটনায় জগন্নাথ হল প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। হলের প্রভোস্ট অধ্যাপক দেবাশীষ পাল জানান, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. শিমুল হালদারকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বর্তমানে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষকদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
প্রভোস্ট আরও বলেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর তা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে পাঠানো হবে।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।





