ঈদের জামাতে প্রধানমন্ত্রীর মাথায় টুপি পরিয়ে দিলেন খতিব

Any Akter
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ন, ২৮ মে ২০২৬ | আপডেট: ১:৪৫ অপরাহ্ন, ২৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঈদুল আজহার  জামাতে জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রী তারেক রহমান মাথায় টুপি ছাড়াই অংশগ্রহণ করেছিলেন। বিষয়টি মনে রেখেছিলেন ঈদ জামাতের ইমাম ও জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক (হাফিজাহুল্লাহ)। তাই এবারের ঈদুল আজহার জামাতের জন্য তিনি আগে থেকেই প্রধানমন্ত্রীর মাপে কয়েকটি টুপি সঙ্গে নিয়ে এসেছিলেন।

বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজের পূর্বে বয়ান দিচ্ছিলেন খতিব মুফতি আব্দুল মালেক। ঠিক সেই মুহূর্তে মাথায় টুপি ছাড়াই সেখানে হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সামনের কাতারে খতিবের একদম সামনে গিয়ে বসেন। প্রধানমন্ত্রীর এক পাশে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং অন্য পাশে বসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। এ সময় প্রধানমন্ত্রীর পাশে বসা মন্ত্রীগণ, এমনকি পেছনে থাকা তাঁর ব্যক্তিগত সহকর্মীদের কারও মাথাতেই টুপি ছিল না; সবাই হয়তো প্রধানমন্ত্রীকেই অনুসরণ করছিলেন। উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে নিজের মায়ের জানাজাও তিনি টুপি ও পাঞ্জাবি ছাড়াই পড়েছিলেন, যা গণমাধ্যমের লাইভ সম্প্রচারের সুবাদে দেশবাসীর দৃষ্টিগোচর হয়েছিল।

আরও পড়ুন: জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত, দেশ-জাতির কল্যাণে বিশেষ দোয়া

জাতীয় মসজিদের খতিব ও ঈদ জামাতের ইমাম মুফতি আব্দুল মালেক বিষয়টি ইতিবাচকভাবে নিয়ে আগে থেকেই প্রস্তুতি রেখেছিলেন। বয়ান শেষ হওয়ার পর তিনি সকলকে ঈদের নামাজের জন্য দাঁড়াতে বলেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সকলেই তখন নামাজের জন্য কাতার সোজা করে দাঁড়ান। ঠিক তখনই খতিব আব্দুল মালেক তাঁর পকেট থেকে একটি টুপি বের করে পরম স্নেহে প্রধানমন্ত্রীর মাথায় পরিয়ে দেন। টুপিটি প্রধানমন্ত্রীর মাথায় একদম নিখুঁত মাপে বসে যায়।

এই দৃশ্য দেখে পাশে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকেও পকেটে হাত দিয়ে টুপি খুঁজতে দেখা যায়। তা দেখে খতিব আব্দুল মালেক তাৎক্ষণিকভাবে তাঁর কাছে থাকা অন্য আরেকটি টুপি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের মাথায়ও পরিয়ে দেন। এ সময় আশপাশের অন্যান্যদেরও পকেট থেকে টুপি বের করে মাথায় পরতে দেখা যায়। এর পরপরই জাতীয় ঈদগাহে ঈদুল আজহার মূল জামাত শুরু হয়।

আরও পড়ুন: জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান