ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৩৭ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে হ্যাকার গ্রুপ নিজস্ব পোস্টে এ ঘটনার দায় স্বীকার করে এবং পেজে একটি হুমকিপূর্ণ বার্তা প্রকাশ করে।

পেজে প্রবেশ করলে দেখা যায়, নাম পরিবর্তন না হলেও প্রোফাইল ছবি ও কভার ছবি বদলে হ্যাকার গ্রুপের পরিচিতি যুক্ত করা হয়েছে। প্রকাশিত বার্তায় দাবি করা হয়েছে— ইসলামী ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং শিগগিরই ব্যাংকের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে বড় ধরনের সাইবার আক্রমণ চালানো হবে। এ বার্তায় ‘Team MS 47OX’ নাম ব্যবহার করেছে হ্যাকাররা।

আরও পড়ুন: সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে যেতে নিষেধাজ্ঞা

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম। তিনি জানান, আজ ভোরে ব্যাংকের ফেসবুক পেজ হ্যাক হয়েছে। বিষয়টি সমাধানে ইতোমধ্যে আইটি বিভাগ কাজ শুরু করেছে।

এদিকে ব্যাংকের পেজে অস্বাভাবিক পোস্ট প্রকাশ হওয়ায় গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন, ব্যাংকের অনলাইন সেবা বা গ্রাহকের তথ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে কি না তা নিয়ে। তবে অনলাইন ব্যাংকিং সেবা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর