‘শাপলা’ ইস্যুতে ব্যাখ্যা চাইলে ২ ঘণ্টা নিশ্চুপ নির্বাচন কমিশন: নাসীরুদ্দীন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:৪০ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনে প্রতীক তালিকায় ‘শাপলা’ অন্তর্ভুক্ত করার দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে বৈঠকে ‘শাপলা’ প্রতীক না দেওয়ার পেছনে ব্যাখ্যা চাইলেও দুই ঘণ্টা নিশ্চুপ ছিল নির্বাচন কমিশন, কোনো উত্তর দেয়নি বলে অভিযোগ করেছেন দলটির নেতারা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টা ৪০ মিনিটে এনসিপির প্রতিনিধি দল সিইসির দপ্তরে প্রবেশ করে। প্রতিনিধি দলে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

আরও পড়ুন: ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “আমরা শাপলা পেতে আইনি বাধা এবং রাজনৈতিক বাধা কোনোটিই দেখছি না। আমরা আশাবাদী, শাপলা প্রতীক আমরা পাবো। এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, কিন্তু তারা নিশ্চুপ ছিলেন। উত্তর দিতে পারেননি। তাই আমরা ধরে নিচ্ছি, তারা সম্মতি জানিয়েছেন।”

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। তারা আমাদের কাছে ব্যাখ্যা চেয়েছিল, আমরা তা দিয়েছি। কিন্তু আজ আমরা যখন শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে ব্যাখ্যা চেয়েছি, তারা দুই ঘণ্টা নিশ্চুপ থেকেছেন। যেহেতু ব্যাখ্যা দিতে পারেননি, আমরা মনে করি শাপলার বিষয়ে এটাই তাদের অবস্থান। আমরা স্পষ্টভাবে জানিয়েছি— এনসিপির নিবন্ধন হবে কেবল শাপলা প্রতীকেই। শাপলা ছাড়া কোনো নিবন্ধন গ্রহণযোগ্য নয়।”

আরও পড়ুন: কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী: আওয়ামী লীগের রাজনীতি মানুষ আর গ্রহণ করবে না

এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘শাপলা’ প্রতীক কোনো দলকেই দেওয়া হবে না, কারণ এটি নির্বাচন পরিচালনা বিধিতে অন্তর্ভুক্ত নয়।

এই বিষয়ে ৩০ সেপ্টেম্বর ইসির তরফে এনসিপিকে প্রতীক বাছাইয়ের জন্য চিঠি পাঠানো হয় এবং ৭ অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীক জানানোর অনুরোধ করা হয়। কিন্তু এনসিপি সেই অনুরোধ নাকচ করে নির্বাচন পরিচালনা বিধি সংশোধন করে ‘শাপলা’ প্রতীক তালিকায় যুক্ত করার দাবি জানায়।

দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ইসিকে চিঠি দিয়ে জানান, যদি বিধি সংশোধন করা হয়, তাহলে ‘শাপলা’, ‘সাদা শাপলা’ বা ‘লাল শাপলা’ — এই তিনটির যেকোনো একটি প্রতীক এনসিপির নামে বরাদ্দ করার আশা করছে দলটি।