৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ রোববার পিএসসির ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ ক্যাডারের ৭৩ জন, সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের ৭৪৭ জন এবং শুধুমাত্র কারিগরি বা পেশাগত ক্যাডারের ২২৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: সরকারি ব্যয়ে কড়াকড়ি: বাড়ি-গাড়িসহ ৯ খাতে খরচ কমানোর নির্দেশ
পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন জানান, প্রকাশিত বিজ্ঞপ্তিটি পিএসসির ওয়েবসাইট বা টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় মোট ৬ হাজার ৫৫৮ জন উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষা গত বছরের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।
আরও পড়ুন: ব্যয় সংকোচনে সরকারের ৯ নির্দেশনা, জ্বালানি-ভ্রমণসহ নানা খাতে কড়াকড়ি
২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল গত বছরের ৬ জুন। পরীক্ষায় পাস করেন ১২ হাজার ৭৮৯ জন।
৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ৩ লাখ ৪৬ হাজার আবেদনকারীর মধ্যে ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন অংশগ্রহণ করেন। পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন। উপস্থিতির হার ছিল ৭৭.২৪ শতাংশ।
৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডারে নিয়োগ দেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন। ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে চিকিৎসা ক্ষেত্রে, যেখানে সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ এবং প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।





