বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে উৎপাদন কার্যক্রম স্থগিত হয়েছে।
সূত্রে জানা গেছে, দিনাজপুরের পার্বতীপুর কয়রা খনির কয়লা ব্যবহার করে খনির পাশে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিটগুলো বিদ্যুৎ উৎপাদন করছিল। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেলে সোমবার সকাল সাড়ে ৭টায় ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটও বন্ধ হয়ে যায়। ২ নম্বর ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে সংস্কারের কারণে বন্ধ রয়েছে। ফলে এখন কেন্দ্রের সব ইউনিট বন্ধ থাকায় উত্তরাঞ্চলে কৃষি ও শিল্প খাতে বিদ্যুতের চরম সংকট দেখা দিয়েছে।
আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, “যান্ত্রিক ত্রুটির কারণে ১ ও ৩ নম্বর ইউনিট বন্ধ হয়েছে। ২ নম্বর ইউনিটটি মেরামতের জন্য আগে থেকেই বন্ধ ছিল। মেরামত না করা পর্যন্ত কোনো ইউনিট চালু করা সম্ভব নয়। তবে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি।”





