কুষ্টিয়ায় মানবতাবিরোধী অপরাধ মামলায় হানিফসহ ৪ জনের বিচার শুরু
কুষ্টিয়ায় গণ-অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিচার শুরু হয়েছে। পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
রোববার (২ নভেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আরও পড়ুন: এসডিএফ'র চেয়ারম্যান ও এমডির পদত্যাগের দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি ও মানববন্ধন
হানিফ ছাড়াও মামলার অপর আসামিরা হলেন— কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।
এর আগে, গত ৫ অক্টোবর প্রসিকিউশন তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। অভিযোগপত্রে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়, যার মধ্যে রয়েছে— উসকানিমূলক বক্তব্য প্রদান, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা। ৬ অক্টোবর ট্রাইব্যুনাল-২ অভিযোগ আমলে নিয়ে হাজিরার নির্দেশ দেয়।
আরও পড়ুন: বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত বিশ্বের উপযোগী করে গড়তে হবে
তবে ১৪ অক্টোবর নির্ধারিত তারিখে হানিফসহ চারজন আদালতে উপস্থিত না হওয়ায় ট্রাইব্যুনাল পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়। এরপরও তারা হাজির না হওয়ায় রোববার আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জন নিহত এবং কয়েকজন আহত হন। ওই ঘটনার পর হাসানুল হক ইনু ও মাহবুব উল আলম হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। তদন্ত সংস্থা পরবর্তীতে প্রতিবেদন দাখিল করলে ট্রাইব্যুনাল মামলাটি বিচার প্রক্রিয়ায় নেওয়ার সিদ্ধান্ত নেয়।





