৯৬ ঘণ্টা এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিং বন্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবৈধ অর্থ লেনদেন ও টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট–১ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব
নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন উপলক্ষ্যে এমএফএস এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতাধীন আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পি-টু-পি) লেনদেনের অপব্যবহার রোধে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা মোবাইল ব্যাংকিংয়ের ব্যক্তি হিসাবের লেনদেন সীমিত থাকবে।
এ সময় পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং সেবা (আইবিএফটির মাধ্যমে লেনদেন) সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: ‘ঝুঁকে সম্মান’ নয়, ধর্মীয় রীতিতে স্পিকারকে সম্মান জানাবেন এমপিরা
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারকে নিজস্ব ‘কুইক রেসপন্স সেল’ গঠন করতে হবে। একইসঙ্গে সব ধরনের লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখতে হবে।
সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে তা দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলোকে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের কথা বলা হয়েছে।





