ঢাকা-৮ আসনে ভোট পুনর্গণনার সুযোগ নেই: ইসি
জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর প্রায় দেড় বছর নির্বাচিত সরকারবিহীন অবস্থার অবসান ঘটিয়ে দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনে বিপুল ব্যবধানে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্য দিয়ে প্রায় ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে দলটি।
আরও পড়ুন: ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর
তবে নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোট। বিভিন্ন আসনে ভোট গণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছে জোটের নেতারা।
এর মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনা ছড়ায় ঢাকা-৮ আসনকে কেন্দ্র করে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এবং জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। উভয় প্রার্থীই রিটার্নিং কর্মকর্তার কাছে পাল্টাপাল্টি অভিযোগ করেন।
আরও পড়ুন: ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
শেষ পর্যন্ত বেসরকারিভাবে আব্বাসকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে গভীর রাতে সংবাদ সম্মেলন করে ওই আসনের ভোট পুনর্গণনার দাবি তোলে এনসিপি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়ে প্রশ্ন করা হলে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, ভোট পুনর্গণনার কোনো সুযোগ নেই। তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট দ্রুত প্রকাশ করা হবে।
ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আব্বাস পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। আব্বাসের বিজয়ের ব্যবধান ৪ হাজার ৯৮০ ভোট।
এই আসনে মোট ২ হাজার ৪৯৭টি ভোট বাতিল হওয়াকে কেন্দ্র করেই মূলত বিতর্কের সৃষ্টি হয়েছে। ব্যালট পেপারে ধানের শীষ প্রতীকের বক্সের পাশের ফাঁকা জায়গায় সিল পড়ার কারণে উল্লেখযোগ্য সংখ্যক ভোট বাতিল করা হয়েছে বলে জানা গেছে।





