শিক্ষা মন্ত্রণালয়ে চলবে না কোনো বদলি বাণিজ্য ও সিন্ডিকেট: শিক্ষামন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৫৫ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি, সিন্ডিকেট বা বদলি বাণিজ্য বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে নতুন শিক্ষামন্ত্রী হিসেবে নিজের দ্বিতীয় কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কঠোর বার্তা দেন।

দুর্নীতির ঠাঁই নেই শিক্ষা মন্ত্রণালয়ে

আরও পড়ুন: জনগণের ট্যাক্সে চলি, জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী

মন্ত্রী বলেন, "আগেরবার মন্ত্রী থাকাকালে আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ ছিল না। এবারও এই মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো স্থান নেই এবং কেউ তা পাবেও না। বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না এবং কোনো ধরনের সিন্ডিকেট কাজ করতে পারবে না।"

ডিজিটাল ও অ্যাপভিত্তিক শিক্ষা কার্যক্রম

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দেন মন্ত্রী। তিনি জানান, এখন থেকে শিক্ষা মন্ত্রণালয়ের যাবতীয় কার্যক্রম অ্যাপভিত্তিক করা হবে। এছাড়া সঠিক সময়ে শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়া নিশ্চিত করা হবে।

কারিকুলাম রিভিউ ও আধুনিকায়ন

দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, "শিক্ষা কারিকুলাম পুরোপুরি রিভিউ (পুনঃমূল্যায়ন) করা হবে এবং এই খাতকে বিশ্বমানের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকায়ন করা হবে।"

ইংলিশ মিডিয়াম স্কুলও আসবে নিয়মে

বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর বিষয়ে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে, এগুলিকেও সরকারি নিয়ম-নীতির আওতায় আনা হবে। কোনো ইংলিশ মিডিয়াম স্কুল অনিয়ম বা অপরাধ করলে তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

‘অটো পাস’ ও শিক্ষক রাজনীতি বন্ধের ঘোষণা

অতীতের অস্থিরতা প্রসঙ্গে এহছানুল হক মিলন বলেন, "আগে মব (গণজমায়েত) করে অটো পাস নেওয়া বা পরীক্ষা বন্ধের মতো ঘটনা ঘটেছে। অনেক শিক্ষক ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। এগুলো আর হতে দেওয়া হবে না।

তিনি আরও যোগ করেন, "আমাদের মূল লক্ষ্য হলো এসব জঞ্জাল দূর করে দেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ নতুন করে ঢেলে সাজানো।"