নারী নির্যাতন মামলায় হিরো আলম গ্রেপ্তার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৩০ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারী নির্যাতনের মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম (আশরাফুল আলম) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া থেকে তাকে আটক করা হয়। এর আগে গত ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হকের আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আরও পড়ুন: ‘যাযাবর’-এ সজলের সঙ্গে জুটি বেঁধেছেন চাঁদনী শেখ

মামলার অভিযোগে বলা হয়েছে, সাদিয়া রহমান মিথিলাকে চলচ্চিত্রে নায়িকা বানানোর আশ্বাস দিয়ে বিয়ের প্রলোভন দেখান হিরো আলম। পরবর্তীতে তাকে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করার অভিযোগ আনা হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন হিরো আলম। ভুক্তভোগী ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায়।

আরও পড়ুন: মদিনায় বিয়ে করলেন মিস্টার ফাইসু

পরবর্তীতে আদালত অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।