প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান, ছয়জন আটক
ঢাকার গুলশান এলাকায় প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেওয়ার অভিযোগে ছয়জনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
শনিবার সন্ধ্যার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সেখান থেকে সরিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত এবং বারবার সরে যেতে বলা হলেও তারা নির্দেশনা মানছিলেন না। পরে ইফতারের পর তাদের গুলশান থানায় নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
আটকরা হলেন—খোদা বক্স আক্তার (২৬), খাদিজা বেগম (৪০), খাদিজা বেগম (৩৫), সাহেদা বেগম (৪৮), রিনা আক্তার (৪৮) ও মোহাম্মদ সিদ্দিক (৪০)।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, “তারা প্রধানমন্ত্রীর বাসার সামনে অবস্থান করছিলেন। নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা একাধিকবার সরে যেতে বললেও তারা শুনছিলেন না। পরে আমাদের জানালে তাদের থানায় আনা হয়।”
আরও পড়ুন: আগামী মাসে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের থানায় এনে বসিয়ে রাখা হয়েছে এবং তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে নির্বাচনের প্রাক্কালে গত ৪ জানুয়ারি ও তার আগের রাতে একই এলাকার একটি রাজনৈতিক কার্যালয় ও বাসভবনের সামনে থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারা নিজেদের এক রাজনৈতিক নেতার সমর্থক বলে দাবি করেছিলেন।





