প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতারের আমন্ত্রণ জানালো জামায়াতে ইসলামী
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে আগামী ২৮ ফেব্রুয়ারি আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জামায়াতের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আমন্ত্রণপত্র হস্তান্তর করে।
আরও পড়ুন: ঈদের জামাতে প্রধানমন্ত্রীর মাথায় টুপি পরিয়ে দিলেন খতিব
দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে দাওয়াত গ্রহণ করেছেন। সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের এটিই প্রথম আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে উভয় পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী মুঠোফোনে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমিরের শারীরিক অবস্থার খোঁজ নেন বলে জানা গেছে। দেশের রাজনৈতিক পরিবেশ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, রাজনীতির যাবতীয় বিতর্কের কেন্দ্রবিন্দু হওয়া উচিত জাতীয় সংসদ।
আরও পড়ুন: ঈদুল আজহায় জিয়া পরিবারের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
এ বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে জামায়াত নেতারা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়মতান্ত্রিক আন্দোলন থাকতে পারে, তবে অতীতের নেতিবাচক চর্চার পুনরাবৃত্তি কাম্য নয়। তারা উল্লেখ করেন, বর্তমান সরকারকে মূল্যায়নের সময় এখনো আসেনি এবং দেশবাসী ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশায় রয়েছে।
সাক্ষাৎ শেষে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের অগ্রগতির স্বার্থে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ জরুরি। জাতীয় সংসদে গঠনমূলক আলোচনার মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট ইস্যুর সমাধান সম্ভব বলেও তিনি মত দেন।
প্রতিনিধি দলটি মনে করছে, রাজনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এই ধারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে। ইফতার মাহফিলের আমন্ত্রণকে তারা রাজনৈতিক সম্প্রীতির ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারির ওই ইফতার অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতার উপস্থিতির সম্ভাবনা রয়েছে।





