রাজধানীতে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, সীমিত তেলে বাড়ছে ভোগান্তি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্থিরতা এখনও কাটেনি। এর ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে তেল কিনতে হচ্ছে চালকদের।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্র দেখা যায়। সকাল থেকেই মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকার নিয়ে চালকদের সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
আরও পড়ুন: তেজগাঁওয়ে ৪৭ মাথার খুলি উদ্ধার, গ্রেফতার ৪
রাজধানীর আসাদগেট এলাকার সোনার বাংলা সার্ভিস স্টেশনে মোটরসাইকেলের জন্য জ্বালানি নিতে আসা আমজাদ হোসেন বলেন, দীর্ঘ লাইনে দাঁড়াতে না হয় সেজন্য সকাল সকাল এসেছিলেন। কিন্তু সেখানে এসেও দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। তার আশা, ঘণ্টাখানেকের মধ্যে তেল নিয়ে যেতে পারবেন।
প্রাইভেটকার চালক ইদ্রিস মিয়া অভিযোগ করে বলেন, সীমিত পরিমাণে তেল দেওয়ায় দৈনন্দিন চাহিদা পূরণ হচ্ছে না। বর্তমানে ব্যক্তিগত কারে ১০ লিটার এবং এসইউভি বা মাইক্রোবাসে ২০ থেকে ২৫ লিটার তেল দেওয়া হচ্ছে। ফলে অনেক চালক এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে তেল খুঁজতে বাধ্য হচ্ছেন।
আরও পড়ুন: বনানীতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আরেক মোটরসাইকেল চালক রবিউল হুসাইন জানান, তিনি সকাল থেকে লাইনে দাঁড়িয়ে প্রায় এক ঘণ্টা পর তেল পেয়েছেন। তিনি বলেন, আজ সোনার বাংলা স্টেশনে মোটরসাইকেলের জন্য ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে, এতে কয়েক দিন চলতে পারবেন।
ফিলিং স্টেশনের দায়িত্বশীলরা জানান, তাদের কাছে যতক্ষণ জ্বালানি থাকে ততক্ষণ বিক্রি করা হয়। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) থেকে চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কম থাকায় চাপ তৈরি হয়েছে। তবুও তারা আশা করছেন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।





