জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৬ | আপডেট: ১২:৪৪ পূর্বাহ্ন, ২৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। বুধবার সচিবালয়ে সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না। এ কারণে অতিরিক্ত মজুত করার প্রবণতা জনগণের জন্য লাভজনক নয়। বরং অযথা মজুত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

আরও পড়ুন: মন্ত্রীর নির্দেশনাও মানছে না পরিবার পরিকল্পনা অধিদপ্তর

উপদেষ্টা জানান, পাম্প পর্যায়ে অবৈধ মজুত রোধে সরকারের নজরদারি বাড়ানো হবে। একই সঙ্গে জনগণকে অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি সংগ্রহ না করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে অর্থনৈতিক অনিশ্চয়তা ও সম্ভাব্য মূল্যস্ফীতির ঝুঁকিও রয়েছে।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন

জ্বালানি সরবরাহ ব্যবস্থার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি ব্যাংকিং খাতের উদাহরণ তুলে ধরেন। তার ভাষায়, একটি দেশের জ্বালানি ব্যবস্থাপনা নির্ভর করে নির্দিষ্ট চাহিদা ও সরবরাহের ভারসাম্যের ওপর। কিন্তু আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা (প্যানিক বায়িং) করলে সেই ভারসাম্য বিঘ্নিত হয়।

তিনি আরও বলেন, বর্তমানে সরকার আন্তর্জাতিক বাজার থেকে তুলনামূলক বেশি দামে জ্বালানি আমদানি করলেও অভ্যন্তরীণ বাজারে দাম বাড়ানো হয়নি, যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ না পড়ে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা যায়।

এদিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব বিশ্বজুড়ে পড়লেও বাংলাদেশে এই মুহূর্তে জ্বালানি সংকট নেই। তিনি বলেন, জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই এবং জনগণকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে জ্বালানি ব্যবহারের আহ্বান জানান।