১০ এপ্রিলের মধ্যে এমপিদের বাসভবন বরাদ্দ: চিফ হুইপ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৬ | আপডেট: ৭:০৩ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের জন্য আগামী ১০ এপ্রিলের মধ্যে বাসভবন বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, অধিকাংশ সংসদ সদস্য আবাসন সুবিধা পাবেন এবং প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে। শনিবার (২৮ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

চিফ হুইপ বলেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্পিকার, চিফ হুইপ ও হুইপদের জন্য আলাদা বাসভবনের ব্যবস্থা রয়েছে। অন্য সংসদ সদস্যদের জন্যও আবাসনের ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করে ১০ এপ্রিলের মধ্যে বরাদ্দ দেওয়ার চেষ্টা চলছে। এ বিষয়ে অগ্রগতি পর্যালোচনায় আগামী ৩০ মার্চ আবারও বৈঠক করবে কমিটি।

আরও পড়ুন: সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

তিনি আরও জানান, সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে ত্রুটি ও সম্ভাব্য নাশকতা তদন্তে সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে বুয়েটের বিশেষজ্ঞদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

সাউন্ড সিস্টেমের পাশাপাশি হেডফোন নিয়েও অসন্তোষ প্রকাশ করেন চিফ হুইপ। তিনি বলেন, বর্তমান হেডফোন ব্যবহারে অসুবিধা হচ্ছে এবং এটি পরিবর্তন করা হবে।

আরও পড়ুন: তিন জেলার এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তা নিয়োগ

উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে সাউন্ড সিস্টেমের ত্রুটির কারণে কিছু সময়ের জন্য কার্যক্রম বন্ধ রাখতে হয়। পরদিনও এ নিয়ে সংসদ সদস্যদের মধ্যে ক্ষোভ দেখা যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের সুযোগ-সুবিধা ও সংসদ ভবনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা তদারকির জন্য ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যার সভাপতি চিফ হুইপ নুরুল ইসলাম মনি।