চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
দেশে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
আরও পড়ুন: ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময়ের বাস্তবতায় খেলাধুলাকে একটি পেশা হিসেবে গড়ে তুলতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। শিশুদের ছোটবেলা থেকেই খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে শিক্ষা কারিকুলামে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে দেশের ১২৯ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। প্রথমবারের মতো এসব ক্রীড়াবিদকে বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে। মাসিক এক লাখ টাকা করে তাদের অ্যাকাউন্টে প্রদান করা হয়, যা সোনালী ব্যাংকের অনলাইন ব্যবস্থার মাধ্যমে সরাসরি জমা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, প্রাণহানি বেড়ে ৯১৮
প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরা চাই আমাদের সন্তানেরা পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই খেলাধুলায় দক্ষ হয়ে উঠুক। ক্রীড়া এখন আর শুধু বিনোদন নয়, এটি একটি সম্মানজনক পেশা।”
তিনি জানান, শুধু জনপ্রিয় খেলা নয়, অন্যান্য খেলাধুলাকেও এগিয়ে নিতে সরকার কাজ করছে। একই সঙ্গে বেসরকারি খাতকে প্রতিভাবান খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।





