তেলের দাম বৃদ্ধিতে আইএমএফের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী
জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: ৩ মন্ত্রীকে নিয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন
তেলের দাম বৃদ্ধি আইএমএফের কোনো শর্তের অংশ কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “না, তেলের দাম তো আইএমএফের বৈঠকে যাওয়ার আগেই বাড়ানো হয়েছে।”
তিনি আরও বলেন, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি একটি সাধারণ বাস্তবতা। তবে বাংলাদেশ দীর্ঘ সময় ধরে জনগণের স্বার্থ বিবেচনায় এই দাম সমন্বয় করেনি।
আরও পড়ুন: ঢাকায় প্রথম সফরেই ইতিবাচক বার্তা দিলেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
অর্থমন্ত্রী বলেন, “আমাদেরকে সবাই বলছে—আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন? তহবিল তো খালি হয়ে যাচ্ছে। তেলের দাম না বাড়ালে সরকার দেশ পরিচালনা করবে কীভাবে?”
আইএমএফের সঙ্গে তেলের দাম বৃদ্ধির কোনো সম্পর্ক নেই—এমন দাবি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম তুলনামূলক কম হারে সমন্বয় করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, “আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই সিদ্ধান্ত আইএমএফের সঙ্গে সম্পর্কিত নয়। বরং অনেক দেশে তেলের দাম দ্বিগুণ হয়েছে, সেখানে আমরা সীমিত পরিসরে দাম সমন্বয় করেছি।”
তেলের দাম যতটুকু বাড়ানো হয়েছে, তা তুলনামূলকভাবে কম বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, সরকারের তহবিলের ওপর বাড়তি চাপ সামাল দেওয়া এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রম চালু রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





