মেধাভিত্তিক ও জনবান্ধব জনপ্রশাসন গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ন, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:২৫ অপরাহ্ন, ২৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানে দক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হলে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ তৈরি করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

আরও পড়ুন: ৮১তম উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান

বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা প্রমাণ করে যে অতীতেও বিএনপি সরকার দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তোলায় গুরুত্ব দিয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, এ আন্দোলন আবারও প্রমাণ করেছে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে জনগণ জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রত্যাশা করে এসেছে এবং বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

তিনি আরও বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।