ভারতীয় ভিসা প্রক্রিয়ায় শিগগিরই ইতিবাচক পরিবর্তনের আশা: পররাষ্ট্রমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:১৪ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়ায় শিগগিরই ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সম্প্রতি তার ভারত সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান-এর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারত সফরের সময় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক ও সহজ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে।

আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করা অন্যায়: সংসদে ফজলুর রহমান

তিনি বলেন, সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। এসব আলোচনায় বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান প্রক্রিয়া সহজীকরণ ও স্বাভাবিকীকরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ–ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতির ভিত্তিতে গড়ে উঠেছে। এর পেছনে রয়েছে ঐতিহাসিক বন্ধন, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের গভীর যোগাযোগ।

আরও পড়ুন: সিভিল এভিয়েশন একাডেমিতে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্সের সনদ বিতরণ

তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, পারস্পরিক সম্মান, আস্থা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করছে।