হজ পালনে গিয়ে ২৭ বাংলাদেশির মৃত্যু, মক্কা ও মদিনায় বেশি
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত ২৭ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে ১৮ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছেন।
রোববার (২৪ মে) এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ হজ অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের
তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ১৮ জন মক্কায় এবং ৯ জন মদিনায় ইন্তেকাল করেছেন।
এ বছর এখন পর্যন্ত মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী ও হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সদস্য সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭৩ হাজার ৯২৬ জন।
আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
এছাড়া হজ এজেন্সি, হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) প্রতিনিধি এবং বিভিন্ন টিমের ব্যবস্থাপনা সদস্য হিসেবে আরও ৭৭৪ জন রয়েছেন।
হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত মোট ২০১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৮টি, সৌদি এয়ারলাইন্স ৭৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩০টি ফ্লাইট পরিচালনা করেছে।
পরিসংখ্যান অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেছেন ৩৮ হাজার ৭০২ জন, সৌদি এয়ারলাইন্সে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ১২ হাজার ১৫৭ জন হজযাত্রী।
চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে। বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট গেছে ২১ মে।
হজ শেষে ফিরতি ফ্লাইট ৩০ মে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।





