এবারের ডেঙ্গু হতে পারে ভয়াবহ, রক্তক্ষরণের ঝুঁকি নিয়ে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ন, ০৬ জুন ২০২৬ | আপডেট: ২:৩৫ অপরাহ্ন, ০৬ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের শরীরে রক্তক্ষরণের ঝুঁকি থাকতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, চিকিৎসকদের আশঙ্কা অনুযায়ী চলতি মৌসুমে ডেঙ্গুর একটি জটিল ও বিপজ্জনক ধরন দেখা দিতে পারে, যা রোগীদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: এফবিসিসিআই নির্বাচনে শীর্ষ নেতাদের প্রার্থিতা বৈধ ঘোষণা

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকরা ধারণা করছেন এবারের ডেঙ্গুর প্রকোপ হতে পারে ‘হেমোরেজিক’ ধরনের, যা সাধারণ ডেঙ্গুর তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এই ধরনের ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের শরীরে দ্রুত রক্তক্ষরণ শুরু হতে পারে এবং পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে।

তিনি আরও বলেন, ডেঙ্গুর ভয়াবহতা মোকাবিলায় শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণও জরুরি। মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন: দেশে থামছে না হামের প্রাদুর্ভাব, আরও ৪ শিশুর মৃত্যু

স্বাস্থ্যমন্ত্রী সকল নাগরিককে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা গেলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

ডেঙ্গু প্রতিরোধে শুরু হওয়া তিন মাসের বিশেষ অভিযানের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, মশার বিস্তার রোধ এবং সম্ভাব্য প্রাদুর্ভাব মোকাবিলায় সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।