এনসিটিবি ও চার শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং দেশের চারটি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এনসিটিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম কমার্স কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা।
আরও পড়ুন: লোডশেডিং নেই, সাময়িক বিদ্যুৎ-বিভ্রাট থাকতে পারে: সংসদে বিদ্যুৎমন্ত্রী
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানকে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান।
এছাড়া যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খুলনার হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালামকে।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা শিগগিরই নিজ নিজ পদে যোগদান করবেন।
উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর বর্তমান সরকার শিক্ষা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পুনর্বিন্যাস ও নতুন নিয়োগ কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।





